ডিএসসিসির ৩৮৪১ কোটি টাকার বাজেট অনুমোদন

০১ জুলাই, ২০২৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২০২৫-২৬ অর্থবছরের ৩৮৪১.৩৮ কোটি টাকার বাজেট অনুমোদন করলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচালনা কমিটির সপ্তম (সপ্তম) করপোরেশন সভা। ডিএসসিসির প্রশাসক মো: শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিভিন্ন সরকারি দফতর সংস্থার প্রতিনিধির সমন্বয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিচালনা কমিটির ২৫ (পঁচিশ) জন সদস্য গতকাল সোমবার নগর ভবনে ওই সভায় অংশগ্রহণ করেন।

সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা (অতি: দা:) আলী মনসুর। পরে পরিচালনা কমিটির সদস্যবৃন্দ বাজেট আলোচনায় অংশগ্রহণ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২৫-২৬ অর্থবছরের ৩৮৪১.৩৮ কোটি টাকার বাজেট অনুমোদন প্রদান করেন।

বাজেট আলোচনায় অংশগ্রহণ ও অনুমোদন প্রদান করায় পরিচালনা কমিটির সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এর প্রশাসক বলেন, “ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাজেট কেবল গাণিতিক সংখ্যা নয়। এই বাজেট আমাদের কাছে সম্মানীত করদাতাদের আমানত।”

সভায় ১৯৯৮ সাল থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বসবাসকারী নগরবাসীকে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও মাতৃত্বকালীন বিভিন্ন সেবা প্রদানকারী ‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প-২ পর্যায়’ শীর্ষক প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং বিদ্যমান প্রকল্পের আওতায় সেবা প্রদানকারী এনজিওগুলোর মধ্যে সমঝোতা স্মারকের মাধ্যমে স্বাস্থ্যসেবা অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।