‘যারা পালাবে না বলেছিল তারাই পালিয়েছে, আমরা পালাইনি’

০৪ জুলাই, ২০২৫

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সমালোচনা করে জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেছেন, যারা বলেছিল পালায় না, তারা পালিয়েছে কিন্তু আমাদের পাকিস্তানি বলা হলেও আমরা পালাইনি।

শুক্রবার (৪ জুলাই) রংপুরে জামায়াতের সমাবেশে তিনি এ কথা বলেন।

এটিএম আজহার বলেন, কথিত মানবতাবিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, যারা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে কথিত মানবতাবিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করেছে তাদের বিচার করতে হবে। যাদের হত্যা করা হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।

জামায়াতের এই নেতা বলেন, আমার মুক্তির মাধ্যমে এটিএম আজহার নয়, ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি পেয়েছে জামায়াতে ইসলাম। আমার বাকি জীবনটা আমি ইসলাম আর মাতৃভূমির সেবায় ওয়াকফ করে দিলাম।

এ সময় দলীয় স্বার্থের ঊর্ধ্বে ওঠে ইসলামি ঐক্যের মাধ্যমে জুলাই শহীদদের চেতনায় নতুন বাংলাদেশ বিনির্মাণের দাবি জানান আজহারুল ইসলাম।

সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে। আমরা সেই সংস্কারগুলোর কথা বলেছি। আমরা সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। 

তিনি বলেন, কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদের আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন, আমরা মহান আল্লাহর সাহায্যে সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করব। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। 

ডা. শফিকুর রহমান বলেন, কোনো প্রশাসনিক ক্যু করতে দেওয়া হবে না। ভোটকেন্দ্রে কোনো মাস্তানতন্ত্র চলতে দেওয়া যাবে না, কালো টাকার কোনো খেলা সহ্য করা হবে না।