০৪ জুলাই, ২০২৫
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বাজে ভাবে হেরে যায় বাংলাদেশ। এই হারের পর সিরিজে ঘুরে দাঁড়াতে দ্বিতীয় ম্যাচে শনিবার (৫ জুলাই) দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে মিরাজ বাহিনী। এই ম্যাচ বাংলাদেশের কামব্যাক নাকি লংকানদের সিরিজ জয় তা দেখার জন্য তাকিয়ে আছে ক্রিকেটপ্রেমিরা।
সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে শুক্রবার (৪ জুলাই) সংবাদ সম্মেলনে কথা বলেন দলের ওপেনার তানজিদ হাসান তামিম। এই তরুণ ব্যাটার নিজের পারফরম্যান্সেও সন্তুষ্ট নন। তানজিদ বলেন, আমি মোটেও বলব না যে ভালো খেলেছি। দলের যে প্রয়োজন ছিল, সেটা আমি পূরণ করতে পারিনি। যদি করতে পারতাম, তাহলে বলতে পারতাম ভালো খেলেছি।
তিনি আরও বলেন, সিরিজে ফেরার সুযোগ এখনো আছে, এটা তিন ম্যাচের সিরিজ। একটা ম্যাচ হয়ে গেছে, এখন পরেরটা অনেক গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ যদি কামব্যাক করতে পারি, তাহলে এখনো সিরিজে টিকে থাকার সুযোগ আছে।
তানজিদ আরও বলেন, শান্তু ভাইয়ের সঙ্গে জুটি ভালো হচ্ছিল। কিন্তু হঠাৎ একটি দুর্দান্ত ক্যাচ ও রান আউটের কারণে ছন্দ ভেঙে যায়। আমরা যদি তখন ৩০–৪০ রান আর যোগ করতে পারতাম, তাহলে ম্যাচ অনেক সহজ হয়ে যেত।
এদিকে, শুক্রবার (৪ জুলাই) কলম্বোতে অনুশীলন করেছে টাইগাররা। ওয়ানডে স্কোয়াডে থাকা সব ক্রিকেটারই অনুশীলনে ছিলেন। শুধু দেখা যায়নি লিটন দাশকে। ঠিক কি কারণে অনুশীলনে আসেননি লিটন সেটা অবশ্য জানা যায়নি।
লিটন না থাকলেও এদিন অনুশীলন করেছেন রিশাদ হোসেন। অসুস্থ থাকার কারণে প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি তিনি। তবে দ্বিতীয় ওয়ানডের আগে তিনি সুস্থ হয়ে উঠেছেন। আগামী ম্যাচে তাকে একাদশে দেখা যেতে পারে।
ম্যাচের আগে টাইগারদের জন্য একটি দুঃসংবাদও আছে আর তা হলো এই ম্যাচে দলের সঙ্গে থাকবেন না হেড কোচ ফিল সিমন্স। লন্ডনে চিকিৎসকদের সঙ্গে পূর্বনির্ধারিত এক মেডিকেল অ্যাপয়েন্টমেন্টে অংশ নিতে যাচ্ছেন তিনি। তাই শুক্রবার (৪ জুলাই) শ্রীলঙ্কা ছাড়ছেন তিনি। এই তথ্য নিশ্চিত করেছেন দলের ম্যানেজার নাফিস ইকবাল।
জানা গেছে, আগামী ৭ জুলাই শ্রীলঙ্কায় দলের সঙ্গে পুনরায় যোগ দেবেন সিমন্স। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে তিনি ডাগআউটে থাকবেন। এরপর বাংলাদেশের সামনে রয়েছে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ।
শনিবার (৫ জুলাই) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। কলম্বোতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩ টায়।
সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজে ১-০তে এগিয়ে আছে শ্রীলঙ্কা। তাই সিরিজে টিকে থাকতে হলে পরের ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। অন্যদিকে শ্রীলঙ্কা জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলবে।