০৫ জুলাই, ২০২৫
যশোর প্রতিনিধি: যশোর আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউটের ২০তম ব্যাচের শিক্ষার্থীদের বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. মাসুদ রানা বলেন, চিকিৎসা সেবায় ডাক্তারদের পাশাপাশি নার্সদের ভূমিকা অপরিসীম। বর্তমানে নার্সিং পেশা সম্মানের এবং গুরুত্বপূর্ণ পেশা হিসেবে আমাদের দেশে বিবেচিত হচ্ছে। যোগ্য নার্স হিসেবে এখান থেকে সবাই বের হবে এবং নিজ নিজ কর্মস্থানে তাদের সাফল্য বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৃহস্পতিবার যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. ফিরোজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. আফিকুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউট থেকে পাশ করাদের চাকরি খুজতে হবে না। বরং চাকরি তাদের খুজবে আমরা এই স্বপ্ন দেখি।
আরও বক্তব্য রাখেন আদ্-দ্বীন হাসপাতাল সমূহ ও নার্সিংয়ের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন, ৫০০ শয্যা বিশিষ্ট আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ইমদাদুল হক, অধ্যক্ষ অধ্যাপক ডা. সনজয় সাহা, আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক মো: ফজলুল হক, গাইনী বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বদরুন্নেছা বেগম ও নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার।
স্বাগত বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মোছা: মেহেরুন্নেছা। এছাড়া নবাগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অনুভূতি ব্যক্ত করেন।
দিনব্যাপি আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ২০তম ব্যাচের নবাগত ছাত্রীদের ফুল, রাখি বন্ধন ও উপহার প্রদানের মাধ্যমে বরণ করে নেয়া হয়।

মঞ্চে তাদের শপথ বাক্য পাঠ করান নার্সিং ইনেস্ট্রাক্টর আলোমতি বেগম। এছাড়া মেডিকেল কলেজ হাসপাতালের ৪ জন নার্সকে তাদের বিশেষ কৃতীত্বের জন্য সনদপত্র প্রদান করা হয়। এরপর ২য় ও ৩য় বর্ষের নার্সিং ছাত্রীদের বেল্ট প্রদান করেন অতিথিরা। অনুষ্ঠানে মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক-চিকিৎসক, শিক্ষার্থী, সিনিয়র স্টাফ নার্স ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক, বিভিন্ন বর্ষের শিক্ষার্থী তাদের অভিভাবক ও পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বর্ণিল আয়োজনের জন্য কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নবাগত ছাত্রী ও তাদের অভিভাবকরা। উপস্থাপনা করেন নার্সিং তৃতীয় বর্ষের ছাত্রী সুরাইয়া আক্তার ইভা ও দ্বিতীয় বর্ষের তাসনিম জারিন। আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল প্রতিষ্ঠানের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহারের লেখা ‘সাদা পাখিরা আলোকবর্তিকা’ শিরোনামে নার্সদের নিয়ে নির্মিত ‘মিউজিক্যাল ফিল্ম’ প্রদর্শন। নার্সদের অনুপ্রেরণার উদ্দেশ্যে নির্মিত ফিল্মটি বিশাল মঞ্চে আনুষ্ঠানিক মুক্তি পায়।
বিকেলে একই মঞ্চে ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ছাত্রীদের পরিবেশনায় গান, অভিনয়, আবৃত্তি ও নাটিকা মঞ্চস্থ হয়। তাদের নানা পারফরমেন্সে মুগ্ধ হন উপস্থিত দর্শক।
উল্লেখ্য, আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউটে বর্তমান ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে ২০টি ব্যাচে এ পর্যন্ত ৫৪৪ জন ছাত্রী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪০২ জন কৃতিত্বের সাথে কোর্স সম্পন্ন করে তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন। বর্তমানে ১৬০ জন ছাত্রী অধ্যয়নরত। ২০তম ব্যাচে ৪জন ছাত্রী অস্বচ্ছল ও মেধাবী কোটায় বিনা খরচে অধ্যয়নের সুযোগ পেয়েছেন। নবীন বরণ উপলক্ষ্যে বর্ণিল সাজে সাজানো হয় ক্যাম্পাস ও অডিটোরিয়াম।