০৯ জুলাই, ২০২৫
বরগুনার পাথরঘাটায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গিয়াস উদ্দিন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) রাত ৯টার দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত গিয়াস উদ্দিন পৌর শহরের ৫নং ওয়ার্ডের বাসিন্দা ও স্থানীয়ভাবে পরিচিত হাবিব ডাক্তারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে গিয়াস উদ্দিন হঠাৎ জ্বরে আক্রান্ত হন। প্রাথমিকভাবে তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার সকালে তাকে বরিশালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
বর্তমানে তার মরদেহ পাথরঘাটার নিজ বাড়িতে আনা হচ্ছে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয়রা জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রতিনিয়ত মানুষ প্রাণ হারাচ্ছেন। এই পরিস্থিতিতে তারা এলাকায় ডেঙ্গু প্রতিরোধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, চলতি মৌসুমে উপকূলীয় এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা ও উদ্বেগ বাড়ছে।