চাঁদপুরে জলাবদ্ধতায় বেড়েছে দুর্ভোগ, ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

০৯ জুলাই, ২০২৫

টানা দুদিনের বৃষ্টিতে চাঁদপুরে বেড়েছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ। কখনও মাঝারি, আবার কখনও মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্কুল, কলেজগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। বিশেষ করে নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়ায় অনেক বসতঘর পানি ঢুকে পড়েছে। মঙ্গলবার রাত থেকে ভারি বৃষ্টিপাতের কারণে চাঁদপুর শহরে নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। 

বুধবার (৯ জুলাই) সকালে ঘুরে দেখা গেছে, শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড, নাজির পাড়া, পালপাড়া, আলিমপাড়া, রহমতপুর কলোনীসহ বেশ কিছু সড়কে জলাবদ্ধতা রয়েছে। এতে করে দুর্ভোগে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। 

এ দিকে টানা বৃষ্টিতে জেলার গ্রামীণ সড়কগুলো ক্ষয়ক্ষতির পাশাপাশি শাহরাস্তি ও ফরদিগঞ্জ উপজেলায় গেল বছরের মতো জলাবদ্ধতায় শিকার স্থানীয় বাসিন্দারা। 

অপরদিকে যাত্রী সংকটে লঞ্চ চলাচলে সিডিউল বিপর্যয় হয়েছে। যাত্রী পেলে ২ ধেকে ৩ ঘণ্টার পর ছাড়ছে ঢাকাগামী লঞ্চ।

চাঁদপুর শহরের বিষ্ণুদী মাদরাসা রোড এলাকার ব্যবসায়ী বেলাল হোসাইন বলেন, অতিবৃষ্টির কারণে দোকানের সামনে হাটু পানি জমে আছে। যার কারণে কোনো ক্রেতা আসছে না। বৃষ্টি চলমান থাকলে দোকানে পানি ঢুকে যাবে।

শহরের মিশন রোড এলাকার বাসিন্দা আলম খান বলেন, টানা বৃষ্টিতে শহরের ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আর শ্রমিকরা কাজে যেতে পারছেন না।

চাঁদপুর জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা শাহ মো. শোয়েব বলেন, গত ৪৮ ঘন্টায় সকাল ৬টা পর্যন্ত ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার সকাল ৯টা পর্যন্ত তা বেড়ে ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। 

বৃষ্টিপাত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান এ কর্মকর্তা‌।