রংপুরে শর্টসার্কিটে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই

১০ জুলাই, ২০২৫

রংপুর নগরীর নজিরেরহাট বাজারে শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শওকত আলী জোদ্দার। এর আগে বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে নগরীর ১২ নম্বর ওয়ার্ডের নজিরেরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

নজিরেরহাট ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির দপ্তর সম্পাদক ফারুক হোসেন ফিরোজ বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে বাজারের একটি লেপ-তোশকের দোকান থেকে আগুন ছড়িয়ে পড়তে দেখে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। আগুনে বাজারের ছোট-বড় মিলিয়ে ছয়টি দোকান পুড়ে যায়। মালামাল সরাতে গিয়ে আরও কয়েকটি দোকানের কাঠামো ভাঙচুর করতে হয়েছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫ লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে। এর মধ্যে লিমন ও সুমন মিয়ার 'কোহলি স্টোর' সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শওকত আলী জোদ্দার আরও জানান, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সঠিক উৎস এখনও নিশ্চিত না হলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লেপ-তোশক দোকানে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সেখান থেকেই তা আশপাশের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।’

তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।