ইইউর জনসংখ্যা ৪৫ কোটি ছাড়াল

১২ জুলাই, ২০২৫

২০২৫ সালের ১ জানুয়ারী ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ২৭টি দেশের মোট জনসংখ্যা ৪৫ কোটি ৪ লাখ ছাড়িয়ে গেছে। শুক্রবার (১১ জুলাই) ইইউর পরিসংখ্যান সংস্থা— ইউরোস্ট্যাটের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের শুরুতে ইইউ দেশগুলোর জনসংখ্যা ছিল ৪৪ কোটি ৯৩ লাখের বেশি, যা চলতি বছরের শুরুতে প্রায় ১০ লাখ ৭০ হাজার বৃদ্ধি পেয়ে ৪৫ কোটি ৪ লাখ ছাড়িয়ে যায়। 

সর্বশেষ ২০২১ সালে কোভিড-১৯ এর প্রভাবের কারণে ইইউ দেশগুলোতে জনসংখ্যা হ্রাস পেয়েছিল এবং এরপরের টানা চার বছর ধরে এটি বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জার্মানি ২০২৫ সালে ৮ কোটি ৩৬ লাখ জনসংখ্যা নিয়ে ইইউর সবচেয়ে জনবহুল দেশে পরিণত হয়েছে।   তারপরেই রয়েছে ফ্রান্স, দেশটির বর্তমান জনসংখ্যা ৬ কোটি ৮৬ লাখ। ৫ কোটি ৮৯ লাখ জনসংখ্যা নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইতালি। 

এরপর যথাত্রমে রয়েছে, স্পেন ৪ কোটি ৯১ লাখ, পোল্যান্ড ৩ কোটি ৬৫ লাখ, রোমানিয়া ১ কোটি ৯ লাখ, নেদারল্যান্ডস ১ কোটি ৮০ লাখ এবং বেলজিয়াম ১ কোটি ১৯ লাখ। 

অন্যদিকে, ইইউতে সবচেয়ে কম জনসংখ্যার দেশগুলো হল— মাল্টা, যেখানে ৫ লাখ ৭৪ হাজার এবং লুক্সেমবার্গে ৬ লাখ ৮১ হাজার মানুষ বসবাস করে। 

২০১২ সাল থেকে, ইইউ জনসংখ্যার নেতিবাচক প্রাকৃতিক পরিবর্তন (জন্মের চেয়ে বেশি মৃত্যু) ইতিবাচক নেট অভিবাসনের চেয়ে বেশি হয়ে গেছে, ব্লকের পরিসংখ্যান অফিস জানিয়েছে। সূত্র: আনাদোলু