সিকৃবিতে ‘শহীদ মুগ্ধ কর্ণার’ উদ্বোধন

১৩ জুলাই, ২০২৫

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘মুগ্ধ কর্নার’ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্নারটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘পানি লাগবে পানি’ একটি স্লোগান নয়, ছিল ছাত্রসমাজের আত্মদর্শনের প্রতীক। এটি ছিল এক শপথ। ন্যায্য অধিকার আর সম্মানের পক্ষে দাঁড়ানোর এক সাহসী উচ্চারণ।

তিনি আরও বলেন, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ছিলেন সময়ের এক প্রতিবাদী কণ্ঠস্বর। তার আত্মত্যাগ ছিল কেবল একটি রাজনৈতিক ঘটনার অংশ নয়, বরং দেশের তরুণ সমাজের সাহসিকতার প্রতীক। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তার স্মরণে নির্মিত এই কর্নার কেবল বিশুদ্ধ পানির একটি উৎস নয়, এটি আমাদের সবার জন্য একটি বার্তা বহন করে—মানবিকতা, মূল্যবোধ এবং ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার। 

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড.এ.টি.এম.মাহবুব-ই-ইলাহী। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকশিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ —উপস্থিতি ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে স্থাপিত মুগ্ধ কর্নার থেকে আর্সেনিক ও আয়রনমুক্ত বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে, যা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ২০২৪ সালে বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় শহীদ হন।