১৩ জুলাই, ২০২৫
রাজধানীর মিটফোর্ডে লাল চাঁদ সোহাগকে পাথর মেরে হত্যা ও সারাদেশে বিদ্যমান রাজনৈতিক শেল্টারে চাঁদাবাজি, দখলদারি, হামলা ও খুনের ঘটনার প্রতিবাদে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার সন্ধ্যা ৭টায় মিছিলটি রাজধানীর শাহবাগ মোড় থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শহীদ মিনার পৌঁছে সংক্ষিপ্ত সমাবেশ করে।
মশাল মিছিলে ‘চাঁদাবাজদের ঠিকানা, এই বাংলায় হবে না; চাঁদাবাজদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও; দালালি না রাজপথ? রাজপথ রাজপথ; যেই হাত মানুষ মারে, সেই হাত ভেঙে দাও; আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ ইত্যাদি স্লোগান শোনা যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে পুলিশী ব্যবস্থা ও জননিরাপত্তা দেখে মনে হয় এটি শেখ হাসিনার আমলের পুলিশ। উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে পোস্ট দেয় ‘দেশকে প্রস্তর যুগে নিয়ে যাওয়া হচ্ছে।’ বাংলাদেশকে নিয়ে যারা বেশি ভাবে, তার মধ্যে তিনি একজন। তিনি সরকারে বসে থেকে কিভাবে এমন কথা বলেন। আপনাদের বাধা কোথায়? আমাদের বলুন। জুলাইয়ের ছাত্রজনতা এখনো ঘরে ফিরে যায়নি। তিনি আরও বলেন, মিটফোর্ডের হত্যাকাণ্ড বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি দেশের রাজনৈতিক সংস্কৃতির পশ্চাৎগামী ধারারই অংশ, যেখানে ছাত্ররাজনীতিকে চাঁদাবাজি ও খুনের পৃষ্ঠপোষক বানানো হয়েছে। আমরা বিএনপিকে স্পষ্ট করে দিতে চাই, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের নাম করে যারা সন্ত্রাসে মদদ দেয়, তাদেরও প্রতিরোধ করা হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক হাসান ইনাম বলেন, জুলাইর গণ-অভ্যুত্থান দেখিয়েছে, এই দেশের মানুষ দখলবাজদের বিরুদ্ধে কতটা সোচ্চার হতে পারে। সেই ঐক্য আবার গড়ে তুলতে হবে, দলের মুখোশধারী চাঁদাবাজদের বিরুদ্ধে, নিপীড়নের রাজনীতির বিরুদ্ধে। ছাত্রসমাজকে এই সংগ্রামে সম্মিলিত হতে হবে।’