১৮ জুলাই, ২০২৫
পশ্চিমা সামরিক জোট ন্যাটো যদি রাশিয়ার বাল্টিক অঞ্চলের কালিনিনগ্রাদে হামলা চালায়, তবে রাশিয়া তার পরমাণু নীতির আওতায় উপযুক্ত জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান লিওনিদ স্লুতস্কি।
রুশ বার্তা সংস্থা তাস-এ দেওয়া এক সাক্ষাৎকারে স্লুতস্কি বলেন, কালিনিনগ্রাদ অঞ্চলে হামলা মানেই রাশিয়ার ওপর সরাসরি আক্রমণ এবং এর প্রতিক্রিয়ায় আমরা উপযুক্ত পাল্টা ব্যবস্থা গ্রহণ করব—যার মধ্যে পরমাণু নীতির আওতাধীন পদক্ষেপও অন্তর্ভুক্ত।
এ মন্তব্যের পেছনে রয়েছে মার্কিন সেনাবাহিনীর ইউরোপ ও আফ্রিকা কমান্ডের প্রধান জেনারেল ক্রিস্টোফার ডোনাহুর এক বিস্ফোরক বক্তব্য।
তিনি বলেন, কালিনিনগ্রাদ একটি সংকীর্ণ এলাকা—প্রায় ৪৭ মাইল চওড়া—যা চারপাশ থেকে ন্যাটো ঘেরা। এই অঞ্চলকে এত দ্রুত ও নির্ভুলভাবে ‘পরাজিত’ করা সম্ভব, যা অতীতে ভাবনার বাইরে ছিল।
স্লুতস্কি এই বক্তব্যকে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ উসকে দেওয়ার পরিকল্পনা’ বলে উল্লেখ করেন এবং বলেন, এ ধরনের উসকানিমূলক আচরণ বিশ্বব্যাপী অচলাবস্থা সৃষ্টি করতে পারে, যার কোনো বিজয়ী থাকবে না।
স্লুতস্কি আরও বলেন, বর্তমানে ন্যাটোই বিশ্ব নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
কালিনিনগ্রাদ হলো রাশিয়ার একটি বাল্টিক উপকূলীয় অঞ্চল, যা লিথুয়ানিয়া ও পোল্যান্ড দ্বারা বেষ্টিত এবং ন্যাটোর মধ্যে অবস্থিত। পশ্চিমা সামরিক বিশ্লেষকরা প্রায়ই অঞ্চলটির কৌশলগত গুরুত্ব ও সামরিক জটিলতা নিয়ে আলোচনা করে থাকেন।
সূত্র: তাস