নওগাঁয় দুই দিনব্যাপী ম্যাংগো ফেস্টিভ্যাল শুরু

১৮ জুলাই, ২০২৫

নওগাঁর সাপাহারে ‘আমের বাণিজ্যিক রাজধানী সাপাহার’ স্লোগানে শুরু হয়েছে দুই দিনব্যাপী ম্যাংগো ফেস্টিভ্যাল। 

শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টায় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই উৎসবের উদ্বোধন হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। আরও বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ, ইউএনও সেলিম আহমেদ, বিশিষ্ট আমচাষী ও উদ্যোক্তা রফিকুল ইসলাম ও সোহেল রানা, এবং প্রেস ক্লাব সভাপতি রায়হান আলম।

মেলায় ৪০টি স্টলে দেশের বিভিন্ন আম সরবরাহকারী প্রতিষ্ঠান, আমজাত খাদ্যদ্রব্য ও প্রক্রিয়াজাত পণ্যের প্রদর্শনী চলছে। এতে আমের নানা জাত ও চাষিদের প্রোফাইল তুলে ধরা হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী ও চাষিরা মনে করছেন, এই উৎসব আম শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করবে।

ইউএনও সেলিম আহমেদ বলেন, সাপাহার দেশের শীর্ষ আম উৎপাদনকারী এলাকা হলেও চাষিরা এখনও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত। বর্তমানে ২০ হাজারের বেশি চাষি ১০ হাজার হেক্টর জমিতে আম চাষ করছেন। গত বছর আম বাণিজ্যে ৫ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, সারা বছর আম উৎপাদনের সক্ষমতা রয়েছে এ অঞ্চলে। কিন্তু রপ্তানি সুবিধা না থাকায় সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না।

তিনি জানান, নওগাঁতে ভ্যাপার হিট ট্রিটমেন্ট (VHT) প্ল্যান্ট ও আধুনিক প্যাকিং হাউজ স্থাপনের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।