সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ফরিদা পারভীন

২২ জুলাই, ২০২৫

অনেক দিন ধরেই কিডনির অসুখে ভুগছেন বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন। মাঝে অসুস্থ হয়ে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন লালনসংগীতের এই বরেণ্য শিল্পী। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুরুতেই তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

চিকিৎসা শেষে সুস্থ হয়ে গতকাল সোমবার রাতে তিনি বাড়ি ফেরেন বলে জানিয়েছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী।

তিনি গণমাধ্যমে জানান, ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ফরিদা পারভীন। কিন্তু কিডনি বিকল রোগীদের যে কোনো সময় পুনরায় শারীরিক অবস্থার অবনতি হতে পারে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ফরিদা পারভিন দীর্ঘদিন কিডনির অসুখে ভুগছেন। সপ্তাহে তিনবার ডায়ালাইসিস নিতে হয় তার।

সেই সঙ্গে রক্তে সংক্রমণ, নিউমোনিয়া, ডায়াবেটিসসহ একাধিক শারীরিক জটিলতা নিয়ে দীর্ঘদিন ভুগছিলেন। কিডনি রোগবিশেষজ্ঞ এবং ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনবিশেষজ্ঞ চিকিৎসকদের অধীন চিকিৎসা নিচ্ছিলেন এই গুণী শিল্পী।

এরমধ্যে চিকিৎসাধীন অবস্থায় গুজব ছড়ায়, ফরিদা পারভীন মারা গেছেন। ফেসবুকে বিভিন্ন মানুষ তার ছবি পোস্ট করে মৃত্যুর খবর ছড়ান।

পুরো বিষয়টি নিয়ে বিব্রতকর অবস্থায় পড়ে শিল্পীর পরিবার।