২৩ জুলাই, ২০২৫
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সকালে বাগেরহাট আদালতে তাদের সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক মীর।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—নোয়াখালীর সুধারাম উপজেলার ছোট শ্রীরামপুর গ্রামের মৃত ইমরান হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেন টিটু (৪৫), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চন্দ্রনগর গ্রামের মুক্তার হোসেনের ছেলে মনির হোসেন (২৪), কুমিল্লার লাকসাম উপজেলার কাগুইয়া গ্রামের সাফায়েত হোসেনের ছেলে আরমান (২২)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার কাটাখালি মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ফকিরহাট থানার ওসি মো. আবদুর রাজ্জাক মীরের নেতৃত্বে পুলিশের একটি দল। অভিযানে একটি কাভার্ডভ্যানের পেছনের অংশ থেকে গাঁজার এই বড় চালান জব্দ করা হয়। এ সময় কাভার্ডভ্যানসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
ওসি মো. আবদুর রাজ্জাক মীর জানান, এ ঘটনায় রাতেই ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। জনস্বার্থে মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।