চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

২৬ জুলাই, ২০২৫

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে নুরুল আলম নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ৭৬৯ জন। 

শুক্রবার বিকালে সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

মৃত নুরুল আলম রাউজান উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরও ১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ৭ জন চমেক হাসপাতালে চিকিৎসাধীন। চলতি জুলাই মাসে মোট ৩২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া এ নিয়ে মারা যাওয়া ৭ জনের মধ্যে চলতি জুলাই মাসে মৃত্যু হয়েছে ৫ জনের।

এর আগে বুধবার ইমরান হোসেন নামে এক যুবক ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনিও চমেক হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে বলে সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছিল।