২৮ জুলাই, ২০২৫
বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষ্যে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকাল ৯টায় হেপাটাইটিস প্রতিরোধ, চিকিৎসা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মেডিকেল কলেজ ক্যাম্পাসে এ র্যালি অনুষ্ঠিত হয়।
আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহমুদা হাসানের নেতৃত্বে র্যালিতে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাজহারুল ইসলাম, ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. রিসমন রোনাল্ড গোমেজ, হেপাটোলজি বিভাগের অধ্যাপক ডা. আকমত আলীসহ কলেজের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, লিভার সিরোসিসসহ লিভার ক্যান্সারের অন্যতম কারণ হেপাটাইটিস বি ও সি। বাংলাদেশে প্রায় ১ কোটি মানুষ হেপাটাইটিস বি এবং সি ভাইরাসে আক্রান্ত কিন্তু আক্রান্ত ১০ জনের মধ্যে ৯ জনই সেটা জানেন না। এই বাস্তবতায় হেপাটাইটিস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া নির্দিষ্ট টিকা গ্রহণ করে হেপাটাইটিস প্রতিরোধ করা সম্ভব।