‘কিস ক্যামে’ ধরা পড়লো মেসি-আন্তোনেলা, ভাইরাল ছবি

২৯ জুলাই, ২০২৫

আন্তর্জাতিক ফুটবল তারকা লিওনেল মেসি ও তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ফের আলোচনায়। যুক্তরাষ্ট্রের মায়ামিতে হোল্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ব্রিটিশ জনপ্রিয় ব্যান্ড কোল্ডপ্লের কনসার্টে ‘কিস ক্যাম’-এ ধরা পড়েন এই তারকা দম্পতি। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তাদের রোমান্টিক দৃশ্য।

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, রোববার (২৭ জুলাই) মেসি, আন্তোনেলা এবং তাদের তিন সন্তান—থিয়াগো, মাতেও ও সিরো একসঙ্গে উপস্থিত ছিলেন কনসার্টে। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে মেসি ও আন্তোনেলার দৃশ্য ভেসে উঠতেই দর্শকরা করতালি ও উল্লাসে মেতে ওঠেন। সেই আনন্দঘন মুহূর্তের ছবি মেসি নিজেই শেয়ার করেন ইনস্টাগ্রামে।

সাম্প্রতিক সময়ের কিছু বিতর্কিত ‘কিস ক্যাম’ ঘটনার বিপরীতে মেসি-আন্তোনেলার এই দৃশ্য ছিল একেবারেই ইতিবাচক ও ভালোবাসায় ভরপুর। কয়েকদিন আগেই কোল্ডপ্লের আরেক কনসার্টে ধরা পড়া এক দম্পতির অস্বস্তিকর আচরণ বিতর্কের জন্ম দেয়। জানা যায়, তারা সহকর্মী ও উভয়েই বিবাহিত ছিলেন। ঘটনাটি ফাঁস হওয়ার পর দুজনই চাকরি হারান।

তবে মেসি-আন্তোনেলার উপস্থিতি পুরোপুরি ভিন্ন মাত্রা এনে দেয় কনসার্টে। ব্যান্ডের ভোকাল ক্রিস মার্টিন মঞ্চ থেকেই মেসিকে উদ্দেশ করে বলেন, আমাদের কনসার্টে এসেছেন বিশ্বের সেরা ক্রীড়াবিদ। এরপর পুরো স্টেডিয়ামজুড়ে ধ্বনিত হয় “মেসি মেসি।”

এই মুহূর্তটি যতটা আবেগঘন, ততটাই সময়োপযোগীও। কারণ কনসার্টের ঠিক আগেই মেসি বিতর্কে জড়ান। সাম্প্রতিক অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ায় মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ তাকে এক ম্যাচের জন্য সাসপেন্ড করে। এতে মেসি ক্ষুব্ধ হন বলে জানান ইন্টার মায়ামির সহ-মালিক হোর্হে মাস।

তবে ক্লাব সূত্র জানায়, খেলোয়াড়দের সিদ্ধান্তে নয়, বরং ক্লাবের পক্ষ থেকেই মেসি ও জর্দি আলবাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। গত ৩৬ দিনে তারা নয়টি ম্যাচ খেলেছেন, শারীরিক ক্লান্তি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত।

তবে কনসার্টে উপস্থিত মেসি ও আন্তোনেলার ভালোবাসায় ভরা মুহূর্ত ফুটবল বিশ্বকে নতুন করে মনে করিয়ে দেয়, মাঠের বাইরেও একজন মানুষ কতটা শ্রদ্ধার যোগ্য।