৩১ জুলাই, ২০২৫
ফেনীর পরশুরাম উপজেলা যুবলীগের আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি ইয়াসিন শরীফ মজুমদারকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ জুলাই) রাত সোয়া ১০টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কয়েক মাস পর রাজনৈতিক অস্থিরতার সময় বিক্ষোভকারীদের দ্বারা ধানমন্ডি ৩২ এলাকার গুঁড়িয়ে দেওয়া ভবনটি দেখতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র হত্যার ঘটনায় মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
গ্রেপ্তার ইয়াসিন পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদারের ভাতিজা ও বড় মেয়ের জামাতা। এ ছাড়াও তিনি বিআরডিবি চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে বিগত প্রায় দেড় যুগ ধরে দায়িত্ব পালন করেছেন। ইয়াসিন নিষিদ্ধ সংগঠন পরশুরাম উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, যুবলীগ নেতা ইয়াসিনকে ঢাকার ধানমন্ডি থানার পুলিশ গ্রেপ্তার করেছে বলে শুনেছি। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে যুবলীগ নেতা ইয়াসিন আত্মগোপনে চলে যান।