০৩ আগস্ট, ২০২৫
টানা বর্ষণে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দিঘিনালা সড়কের একাধিক স্থানে পাহাড়ধসে যান চলাচল বন্ধ রয়েছে। এতে উপজেলার সাথে অন্যান্য জেলার সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী, সড়ক বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মাটি সরিয়ে যান চলাচলের উপযোগী করার জন্য কাজ করে যাচ্ছেন।
খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাকসুদুর রহমান বলেন, মারিশ্যা-দিঘিনালা সড়কের ৯ ও ১৪ কিলো নামক এলাকায় দুই জায়গায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ আছে। খবর পেয়ে সড়ক বিভাগের সদস্যরা সড়ক থেকে মাটি সরিয়ে যান চলাচলের উপযোগী করতে কাজ শুরু করেছে। পানির কারণে মাটি সরানোর ইকুইমেন্টগুলো পৌঁছতে একটু সময় লেগেছে। আশা করছি দুপুরের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।
বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আখতার বলেন, মাটি সরানোর কাজে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সড়ক বিভাগ কাজ করছে। দ্রুতই এই সড়কে যান চলাচল শুরু হবে বলেও জানান তিনি।