০৫ আগস্ট, ২০২৫
বরগুনা আদালত চত্বর থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া আসামি মো. আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার ক্রোক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আল আমিন বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের লেমুয়া এলাকার আলতাফ চৌকিদারের ছেলে।
পুলিশ জানায়, গত শনিবার আল আমিনকে গ্রেপ্তার করে রোববার তাকে আদালতে হাজির করা হয়। এরপর পারিবারিক মামলার (মামলা নং ৩৬/১৮) ডিক্রির নির্দেশনার ভিত্তিতে আসামি আল আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
পরে বিকেলে আদালত থেকে কারাগারে নেওয়ার জন্য প্রিজন ভ্যানে ওঠানোর সময় আল আমিন কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান। এরপর তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, আদালত চত্বর থেকে আসামি আল আমিন পালিয়ে যাওয়ার পরপরই তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। সোমবার সন্ধ্যার দিকে আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, ওই ঘটনার পর আল আমিনের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে।