এসএসসিতে জিপিএ ৫ পাওয়া ৮৪ সন্তানকে র‌্যাবের সম্মাননা

০৬ আগস্ট, ২০২৫

র‌্যাব ফোর্সেস এ কর্মরত সদস্যদের ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৮৪ জন সন্তানকে সম্মাননা দিয়েছে র‌্যাব সদর দপ্তর। র‌্যাবের মহাপরিচালক জিপিএ-৫ প্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র এবং এককালীন মেধাবৃত্তির টাকা তুলে দেন। বুধবার র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের শহীদ লে. কর্নেল আজাদ মেমোরিয়াল হলে এ অনুষ্ঠান হয়।  

দুইটি ধাপে আয়োজনকৃত অনুষ্ঠানের প্রথম পর্বে ঢাকাস্থ ব্যাটালিয়নগুলোতে কর্মরত র‌্যাব সদস্যদের ৩৬ জন মেধাবী সন্তানকে মহাপরিচালক, র‌্যাব ফোর্সেস সম্মাননা প্রদান করে এবং দ্বিতীয় পর্বে একই দিনে ঢাকার বাইরে অবস্থিত ব্যাটালিয়নগুলোতে কর্মরত র‌্যাব সদস্যদের ৪৮ জন মেধাবী সন্তানকে ব্যাটালিয়ন অধিনায়করা সম্মাননা তুলে দেন। 

অনুষ্ঠানে র‌্যাবের অতিরিক্ত মহপরিচালক (অপারেশনস্), অতিরিক্ত মহপরিচালক (প্রশাসন), র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের সকল পরিচালক, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, অভিভাবক এবং মেধাবী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

শিক্ষার্থীদের উদ্দেশে র‌্যাব মহাপরিচালক বলেন, তারা কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং অদম্য মনোবল দিয়ে এই কৃতিত্ব অর্জন করেছে। তাদের এই সফলতা ভবিষ্যতের একটি সিঁড়ি। এই সাফল্য শুধু পরিবারের নয়, পুরো সমাজ ও জাতির। এই সাফল্যের পেছনে যে সব শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভূমিকা রয়েছে তাদের প্রতিও মহাপরিচালক আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। র‌্যাবের এই সম্মাননা মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যতে এগিয়ে যেতে উৎসাহ দেবে। 

শিক্ষার্থীদের এই অর্জন শুধু মাত্র একটি ডিগ্রি বা সনদপত্রের মধ্যে সীমবদ্ধ না রেখে দায়িত্ববোধ, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য মহাপরিচালক শিক্ষার্থীদেরকে আহ্বান জানান।