ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

০৭ আগস্ট, ২০২৫

রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখায় ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্কহার দাঁড়ালো ৫০ শতাংশে।

মঙ্গলবার (৫ আগস্ট) এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক ‘উল্লেখযোগ্য পরিমাণে’ বাড়ানো হতে পারে। ২৪ ঘণ্টার মধ্যেই সেই হুঁশিয়ারি বাস্তবে রূপ নিল।

বুধবার (৬ আগস্ট) এক ঘোষণায় ট্রাম্প জানান, রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করায় ভারতের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে নতুন শুল্ক আরোপ করা হয়েছে।

ইতোমধ্যে এক নির্বাহী আদেশে ভারতসহ বিভিন্ন দেশের ওপর শুল্ক কার্যকরের কথা বলা হয়েছে, যা ৭ আগস্ট থেকে বাস্তবায়িত হবে। তবে ভারতের ক্ষেত্রে শুল্ক বৃদ্ধি আগেই কার্যকর করা হলো।

Truth Social-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “ভারত বিপুল পরিমাণ রুশ তেল কিনছে, এরপর তা খোলা বাজারে বেশি দামে বিক্রি করছে। ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা তারা আমলে নিচ্ছে না।”

পাশাপাশি রাশিয়ার কাছ থেকে তেল আমদানির কারণে ভারতের ওপর আর্থিক জরিমানাও আরোপ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি, যদিও জরিমানার পরিমাণ এখনও নির্ধারিত হয়নি।