০৭ আগস্ট, ২০২৫
রাজধানীতে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে এক ভাঙারি ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।
বুধবার (৬ আগস্ট) দিবাগত রাত পৌনে ৩টার দিকে নিউমার্কেটের কাঁটাবন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে রাত সোয়া ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
নিহতের নাম ইকরাম ওরফে আকরাম (৩৭)। তিনি পেশায় একজন ভাঙারি ব্যবসায়ী। আহতরা হলেন পিকআপ ভ্যানের চালক মাসুদ রানা (৪২) ও তার ছেলে সালমান হোসেন (১৬)।
আহত মাসুদ রানার আরেক ছেলে আরমান হোসেন জানান, তার বাবা পেশায় পিকআপ ভ্যানের চালক। রাতে আকরাম নামের ওই ব্যবসায়ীর ভাঙারি মালামাল নিয়ে টঙ্গী থেকে ঢাকায় এসেছিলেন। রাত সাড়ে ৩টার দিকে বাবার পিকআপ ভ্যানটি দুর্ঘটনাকবলিত হওয়ার খবর পান তিনি। এরপর ঢামেকে এসে বাবা ও ছোট ভাইকে আহত অবস্থায় পান।
তিনি আরও জানান, পরিবারসহ তারা গাজীপুরের টঙ্গীর মিরেরবাজার এলাকায় থাকতেন।
তবে দুর্ঘটনায় নিহত ভাঙারি ব্যবসায়ী আকরামের ঠিকানা বা বিস্তারিত পরিচয় জানাতে পারেননি আরমান।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে বলেন, ময়নাতদন্তের জন্য নিহত ওই ব্যবসায়ীর মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ছাড়া আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। তবে এখনও নিহত ওই ব্যবসায়ীর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।