০৮ আগস্ট, ২০২৫
‘আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ- এই প্রতিপাদ্য নিয়ে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানা পুলিশের আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকাবাসী বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
বৃহস্পতিবার কোনাবাড়ী নতুন বাজার এলাকায় ওইসভার আয়োজন করা হয়। পুলিশ কর্মকর্তারা স্থানীয়দের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন।
স্থানীয় জনগণ যানজটের কথা উল্লেখ করে বলেন, ৫ আগস্টের পরে রাস্তায় অটোরিকশার কোন নিয়ন্ত্রণ নেই। নিজের ইচ্ছে মতো উল্টো পথে অটোরিকশা গুলো চলাচল করে। ফুটপাত দখল করে অবৈধ দোকান পাট বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। বিশেষ করে মাদক, জুয়া, কিশোর গ্যাং, পারিবারিক সহিংসতা সংঘর্ষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান তারা।
জাতীয় গার্মেন্টস শ্রমিকজোট বাংলাদেশ কোনাবাড়ী থানার সভাপতি মো. আশরাফুজ্জামান বলেন, কয়েকদিনের মধ্যে কোনাবাড়ি থানা এলাকায় কয়েকটি হত্যার ঘটনা ঘটেছে। চুরি ও ছিনতাই প্রতিদিনই হচ্ছে। আইনশৃঙ্খলার চরম অবনতি হচ্ছে। আমরা শ্রমিকদের নিরাপত্তা চাই।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে ওপন ডে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার আবু নাসের আল-আমিন, কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার, সাধারণ সম্পাদক বাবুল হোসেন, জামায়াতে ইসলামীর আমীর কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক তানবিরুল ইসলাম রাজিব প্রমুখ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রবিউল হাসান বলেন, সমাজ থেকে অপরাধ দূর করতে হলে সবাইকে একত্রে কাজ করতে হবে। পুলিশ ও জনগণের মাঝে আস্থা ও পারস্পরিক যোগাযোগ গড়ে তোলার এই প্রয়াস অব্যাহত থাকবে। কিভাবে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায় এ জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।