ব্রাহ্মণবাড়িয়ায় ১৫৪ লিটার চোলাই মদসহ আটক ৪

০৮ আগস্ট, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৃহস্পতিবার রাতে যৌথবাহিনীর অভিযানে ১৫৪ লিটার চোলাই মদসহ ৪ জন গ্রেফতার হয়েছে। আখাউড়া পৌর এলাকার রেলওয়ে সুইপার কলোনীতে এ অভিযান চালানো হয়। এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদেরকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ ইব্রাহিম-(৩০), রাজন হরিজন-(৬৫), সাগর হরিজন-(৪০) ও সীমান্ত হরিজন-(২৯)।

এর মধ্যে ইব্রাহিম আখাউড়া পৌর এলাকার বড় বাজারের বাসিন্দা। বাকিরা সুইপার কলোনীতেই বসবাস করেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, ওই কলোনীতে চোলাই মদ তৈরির খবর পেয়ে সেখানে সেনাবাহিনী ও পুলিশ মিলে অভিযান চালানো হয়।এ সময় মদসহ চারজনকে আটক করা হয়।