গোপালগঞ্জে জমির ধান পোড়ানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ১০

১০ আগস্ট, ২০২৫

গোপালগঞ্জের মুকসুদপুরে বিষ দিয়ে জমির ধান পোড়ানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আজ রবিবার সকালে মুকসুদপুর উপজেলার পশ্চিম বাহাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অলক কুমার সাহা জানান, জমি-জমা নিয়ে পশ্চিম বাহাড়া গ্রামের আক্কাস সরদারের সাথে একই গ্রামের সহিদ সরদারের সাথে শত্রুতা চলে আসছিল। 
রবিবার সকালে এর জের ধরে সহিদ সরদার ও তার লোকজন আক্কাস সরদারের এক বিঘা জমির ধান বিষ দিয়ে পুড়িয়ে দেয়। এতে বাধা দিলে সহিদ সরদার ও তার লোকজন আক্কাস সরদার ও তার লোকজনের উপর হামলা চালায়। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়। এর মধ্যে মারাত্মক আহতাবস্থায় ৬ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।