১১ আগস্ট, ২০২৫
ব্যক্তি করদাতাদের জন্য অনলাইন আয়কর রির্টার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে পাঁচ ধরণের ব্যক্তির জন্য অনলাইন আয়কর রিটার্নে ছাড়া দেওয়া হয়েছে। এ ছাড়া আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করতে বলা হয়েছে।
আজ সোমবার এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত বিশেষ আদেশ থেকে এ তথ্য জানা গেছে।বিশেষ আদেশে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩২৮ এর উপ-ধারা (৪) এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড ৪ আগস্ট থেকে ২০২৫-২০২৬ করবর্ষের জন্য সকল স্বাভাবিক ব্যক্তি করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে।এই আদেশের বাইরে থাকবেন- (ক) ৬৫ (পঁয়ষট্টি) বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা; (খ) শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (সনদপত্র দাখিল সাপেক্ষে); (গ) বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা; (ঘ) মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং (ঙ) বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকগণ।তবে তারা চাইলে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর।বিশেষ আদেশে আরো বলা হয়েছে, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে স্বাভাবিক ব্যক্তি করদাতারা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে না পারলে আগামী ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনার বরাবর আবেদন করতে পারবেন।