১২ আগস্ট, ২০২৫
ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা হলো ফিফা বিশ্বকাপ। চার বছর পরপর অনুষ্ঠিত হয় এই বিশ্বকাপের মহারণ। তাই ফুটবল বিশ্বকাপ সম্পন্ন করতে প্রয়োজন হয় প্রচুর লোকবলের। আর এর বড় একটা অংশ আসে স্বেচ্ছাসেবী থেকে।
আগামী বছর কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো যৌথভাবে এবারের বিশ্বকাপ ফুটবল আয়োজন করবে। আসন্ন এ আসরের জন্য স্বেচ্ছাসেবীর আবেদন আহ্বান করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
ফিফা ঘোষণা করেছে, ২০২৬ সালের কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোয় যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপের জন্য স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদন শুরু হয়েছে। আগ্রহী সবাই এখন থেকে আবেদন করতে পারবেন।
ছয় সপ্তাহব্যাপী বিশ্বকাপের এই টুর্নামেন্টে মোট প্রায় ৬৫ হাজার স্বেচ্ছাসেবীর অংশগ্রহণ প্রত্যাশিত। স্বেচ্ছাসেবীরা স্টেডিয়াম, প্রশিক্ষণকেন্দ্র, বিমানবন্দর, হোটেলসহ ২৩টি কার্যক্রম পরিচালনার জন্য ১৬টি শহরে সহায়তা প্রদান করবেন।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, স্বেচ্ছাসেবীরা ফিফা টুর্নামেন্টের হৃদয়, আত্মা ও হাসি। আমরা আশা করি আগ্রহী ব্যক্তিরা ২০২৬ সালে বিশ্বকে স্বাগত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন।
স্বেচ্ছাসেবীদের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে আবেদনকারীদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। আয়োজক দেশে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার জন্য যোগ্য হতে হবে। ইংরেজি ভাষায় দক্ষতা অবশ্যক, পাশাপাশি মেক্সিকোর জন্য স্প্যানিশ এবং কানাডার জন্য ফরাসি ভাষার দক্ষতাকেও মূল্য দেয়া হয়েছে। অতিরিক্ত ভাষা জানা থাকলে তা বড় সুবিধা হিসেবে যোগ হবে।
আবেদনের সময়সীমা আগস্ট থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত, এবং ফিফা আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত মোট আটটি শিফটে স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণ নিশ্চিত করবে।
স্বেচ্ছাসেবী হতে আগ্রহীরা আবেদন করতে পারেন: fifaworldcup.com/volunteers