উখিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনকালে জরিমানাসহ বালুবাহী ট্রাক জব্দ

১৩ আগস্ট, ২০২৫

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যশিয়া এলাকায় অবৈধ বালু উত্তোলন ও পাচারের সময় উপজেলা প্রশাসনের নেতৃত্বে একটি বালুবাহী ডাম্প ট্রাক জব্দ করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে এ ব্যবস্থা নেয়া হয়। ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫(১) ধারার অধীনে জরিমানা আদায় করা হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পাইন্যশিয়া এলাকায় একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে, যা পরিবেশে মারাত্মক ক্ষতি ঘটাচ্ছে এবং নদী ও খালপথের ভাঙনের ঝুঁকি বাড়িয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তারীন তাসিন বলেন, প্রাকৃতিক সম্পদের অবৈধ উত্তোলন রোধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলবে।

উল্লেখ্য, কক্সবাজারের সংরক্ষিত বনাঞ্চল ও আশপাশের নয়টি বালুমহালের ইজারা কার্যক্রম হাইকোর্টের নির্দেশনায় স্থগিত রয়েছে। এর মধ্যে উখিয়ার বালুখালী-১, দোছড়ি, পালংখালী, হিজলিয়া, ধোয়াংগারচর ও কুমারিয়ারছড়ার নাম উল্লেখযোগ্য।