চাঁদপুরে অটোরিকশা চালককে গুলি করে হত্যা

১৩ আগস্ট, ২০২৫

চাঁদপুরের মতলব উত্তরে পূর্বশত্রুতার জের ধরে অটোরিকশা চালক মিজানুর রহমান অভিকে (৩৫) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (১৩ আগস্ট) ভোর রাতে এখলাছপুর লঞ্চঘাটের হাশিমপুর বকুলতলা এলাকায় মিন্টুর দোকানের উত্তর পাশে এই ঘটনা ঘটে। 

নিহত অভি এখলাছপুর গ্রামের কাজী বাড়ির মৃত ফজলুল হক কাজীর ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার ভোরে স্থানীয় কামাল নামের এক ব্যক্তি এখলাছপুর ঘাটে যাওয়ার পথে অভিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসীদের খবর দেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভি নারায়ণগঞ্জে পরিবার নিয়ে বসবাস করতেন এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।  কয়েকদিন পর পর এলাকায় আসতেন। ঘটনার ৪-৫ দিন আগে তিনি নারায়ণগঞ্জ থেকে এলাকায় আসেন। 

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করেছে। আসামি গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. খায়রুল কবির বলেন, নিহত ব্যক্তির শরীরের বিভিন্নস্থানে জখম ও ডান চোখের ওপর মাথায় গুলির চিহ্ন রয়েছে। এই ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।