বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নতুন বিধি আগামী সপ্তাহে

১৪ আগস্ট, ২০২৫

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নতুন বিধি তৈরির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে সেটি অনুমোদনের জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে পরিপত্র জারি হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। 

মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ হয় এনটিআরসিএর মাধ্যমে। প্রতিষ্ঠানটি প্রথমে নিবন্ধন পরীক্ষা নেয়। এরপর গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের সুপারিশ করে থাকে।

ফলে প্রার্থীদের দুইবার আবেদন করতে হয়। এছাড়া নিবন্ধন সনদ অর্জন করতে গিয়ে অনেকের বয়স শেষ হয়ে যায়। পরে তারা আর গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন না। এসব অসামঞ্জস্য দূর করতে এনটিআরসিএর নিয়োগ বিধি বা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিধি সংশোধন করা হচ্ছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (মাধ্যমিক-২) মো. হেলালুজ্জামান সরকার বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিধিতে কিছু পরিবর্তন করা হবে। আগামী সপ্তাহে সংশোধিত বিধির পরিপত্র জারি হতে পারে।