২৮ জানুয়ারী, ২০২১
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয় শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনেরই জয়। বিএনপি যতই সমালোচনা ও ষড়যন্ত্র করুক, তারা জনগণের মন জয় করতে পারেনি। তাই চট্টগ্রামের জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লক্ষীপুর জেলার সড়ক বিভাগের তিনটি প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, অতীতের মত এবার তারা মাঝপথ থেকে সরে যায়নি। বিজয়ী মেয়র ও কাউন্সিলরদের অভিনন্দন এবং চট্টগ্রামের জনগণসহ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
আ’লীগ সম্পাদক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী উন্নয়নের মহাযজ্ঞ চলছে। তার নেতৃত্বে সমৃদ্ধ আগামী নির্মাণের পথচলাকে এগিয়ে নিতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নিজ নিজ অবস্থানে থেকে সততা, কর্মনিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে সত্যিকার অর্থেই বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তর হবে।
দলীয় নেতাদের উদ্দেশ্যে কাদের বলেন, দল করলে দলের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে। দলের সুনাম নষ্ট হয় এমন কোনো কাজ যারা করবেন-তাদের দল থেকে বের করে দেওয়া হবে। ১০টা উন্নয়ন কাজ ম্লান হয়ে যায় একটা খারাপ কাজের জন্য। কাজেই কাউকে ছাড় দেওয়া যাবে না। যিনিই অপরাধ করবেন, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনাকে অনুসরণ করে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, লক্ষ্মীপুরের প্রায় সব সড়ককে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হয়েছে। লক্ষ্মীপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন চৌমুহনী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীত করতে যাচ্ছে সরকার। এরইমধ্যে এর নকশা প্রণয়নের কাজ শুরু হয়েছে। এছাড়া কুমিল্লা-লাকসাম-চৌমুহনী এবং ফেনী-নোয়াখালী-সোনাপুর মহাসড়কে চারলেনের কাজও চলমান।
তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফিরে না আসলে যত উন্নয়নই করা হোক না কেন, কোনো লাভ হবে না। তাই সড়কে জরুরিভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। সড়ক নির্মাণে কাজের মান কোনোভাবেই খারাপ করা যাবে না। টেকসই ও মানসম্মত কাজ করতে হবে।
বৃহত্তর নোয়াখালীর আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, নোয়াখালীর রাজনীতিকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে। সততার পতাকা হাতে নিয়ে নেতাকর্মীদের সততার সুনামে ফিরে আসতে হবে।
দলীয় মনোনয়নের জন্য দলকে ক্ষতিগ্রস্ত না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলীয় প্রধান শেখ হাসিনার নেতৃত্বের প্রতি শতভাগ আস্থা রাখতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তুলতে হবে।