পুতিন-জেলেনস্কি বৈঠকের ইঙ্গিত দিলেন ট্রাম্প

১৬ আগস্ট, ২০২৫

আলাস্কা বৈঠকে ইউক্রেন যুদ্ধের বিষয়ে কোনও অগ্রগতি অর্জন না হলেও কিয়েভ-মস্কো আলোচনার ক্ষেত্র প্রস্তুত হওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৫ আগস্ট) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় তিন ঘণ্টা আলোচনার পর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যমে ট্রাম্প বলেছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সমাপ্তির জন্য দুদেশের নেতার মধ্যে বৈঠক হতে যাচ্ছে।

তবে বৈঠকটি কার্যকর হওয়ার বিষয়টি ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর নির্ভর করছে মন্তব্য করে ট্রাম্প বলেছেন, এখন এর বাস্তবায়ন নির্ভর করছে প্রেসিডেন্ট জেলেনস্কির ওপর। আমি তো বলব, ইউরোপীয় দেশগুলোরও এই প্রক্রিয়ায় কিছুটা অংশগ্রহণ করা উচিত।

শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে (বাংলাদেশ সময়) শুরু হওয়া ওই আলোচনা প্রায় তিন ঘণ্টা স্থায়ী হয়। বৈঠকের পর সেখানেই কয়েক মিনিটের জন্য সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন দুই পরাশক্তির প্রধান নেতা। নির্দিষ্ট কোনও বিষয়ের কথা উল্লেখ না করে উভয়েই দাবি করেছেন, তাদের মধ্যে অগ্রগতি অর্জন হয়েছে।

ফক্স নিউজের ওই সাক্ষাৎকারে, দ্বিতীয় দফার আলোচনাকে ত্রিপাক্ষিক করার আকাঙ্ক্ষা প্রকাশ করে ট্রাম্প আবারও বলেছেন, তারা (পুতিন-জেলেনস্কি) চাইলে আমি পরবর্তী বৈঠকে উপস্থিত থাকব। হয়ত প্রেসিডেন্ট পুতিন, প্রেসিডেন্ট জেলেনস্কি এবং আমার মধ্যে পরবর্তী দফার আলোচনা হবে।এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিয়েভের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।