মধ্যরাতে নেশাগ্রস্ত হয়ে মাতলামি, এরপর যা হলো

১৭ আগস্ট, ২০২৫

রাজধানীর লালবাগের শহীদনগর লোহার ব্রিজ এলাকায় মধ্যরাতে নেশাগ্রস্ত হয়ে মাতলামির সময় গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. তৌফিকুল ইসলাম ওরফে কিলার বাবু (২৬)।

রোববার (১৭ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মো. তৌফিকুল ইসলামকে ঢামেকে নিয়ে আসেন আজিমপুর আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল নেসার।

তিনি বলেন, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে লালবাগের শহীদনগর লোহার ব্রিজ এলাকায় নেশাগ্রস্ত হয়ে মাতলামি করছিলেন তৌফিকুল। এই সময় তাকে পিটুনি দিয়ে আজিমপুর আর্মি ক্যাম্পে খবর দেয় উত্তেজিত জনতা। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ওই এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ হয়েছিল বলে জানা গেছে। এ ঘটনার জেরে এই ঘটনা হতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। বিষয়টি লালবাগ থানাকে জানানো হয়েছে।