১৮ আগস্ট, ২০২৫
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রোববার (১৭ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এ অভিযানে পিরোজপুর ইকোনমিক জোনের আশপাশে তিনটি চুনা ভাট্টি গুড়িয়ে দেওয়া হয়।
এর মধ্যে জোনের পূর্ব পাশে একটি, পশ্চিম পাশে একটি এবং বিপরীত পাশে একটি ভাট্টি ধ্বংস করা হয়। একই সঙ্গে দিশারী হোটেলকে ১ লাখ টাকা ও হিরাঝিল হোটেলকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান।
ফায়ার সার্ভিসের সহায়তায় চুনা ভাট্টির মালামাল নষ্ট করা হয় এবং এক্সকেভেটরের মাধ্যমে ভাট্টি গুড়িয়ে দেওয়া হয়। এছাড়া ১.৫ ইঞ্চি পিভিসি পাইপসহ উৎসস্থল বিনষ্ট করা হয় এবং প্রতিটি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট থেকে কিলিং ক্যাপিং করে বন্ধ করে দেওয়া হয়।
সিনিয়র সহকারী সচিব হাছিবুর রহমান জানান, সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে বেশ কয়েকটি অবৈধভাবে চুনা কারখানা তৈরি করে ব্যবসা পরিচালনা করে আসছে। অভিযান চালিয়ে তিনটি কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং কারখানাগুলো বুলডোজার মেশিন দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযান আমাদের চলমান থাকবে। যারা এই ধরনের অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন তিতাসের সোনারগাঁ জোনের কর্মকর্তারা ও সোনারগাঁ থানা পুলিশের সদস্যরা।