সিসিটিভি ক্যামেরা নিয়ে ২ পরিবারের সংঘর্ষ, আহত ৬

১৮ আগস্ট, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাড়িতে সিসিটিভি ক্যামেরা স্থাপনকে কেন্দ্র করে ২ পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। রোববার রাতে উপজেলার পত্তন ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার (১৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিজয়নগর থানার ওসি মো. শহিদুল ইসলাম।

আহতরা হলেন- মামুন ভূঁইয়া (৩৮), রুজিনা (২৫), মেহেদী (১৮), রাশেদ (১৬), হৃদয় (২৮) ও অন্তর (২৪)।

রাতে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগে উভয়পক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে হাসপাতালের বক্সের পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, নোয়াগাঁও গ্রামের কাদির মিয়ার ছেলে মামুন ভূইয়া তাদের বাড়ির নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপন করেন। কিন্তু শনিবার মামুনের চাচা রাজ্জাক মিয়ার ছেলে হৃদয় ও অন্তর ক্যামেরাগুলো ভাঙচুর করেন বলে অভিযোগ ওঠে। রোববার সন্ধ্যায় মামুন ক্যামেরা মেরামত করতে গেলে এ নিয়ে তর্কবিতর্ক শুরু হয় ও একপর্যায়ে রাতে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ বিষয়ে বিজয়নগর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।