১৮ আগস্ট, ২০২৫
পাকিস্তানের জনপ্রিয় ইউটিউবার সাদুর রেহমান, যিনি অনলাইনে ‘ডাকি ভাই’ নামে পরিচিত, তাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার (১৭ আগস্ট) ভোরে লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ) জানায়, ডাকি ভাই অনলাইনে জুয়া ও প্রতারণামূলক অ্যাপের প্রচারণা চালাতেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের আদেশে তাকে দুই দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
রবিবার বিকেলে ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে আদালত এনসিসিআইএকে অভিযোগ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন এবং আগামী মঙ্গলবার (১৯ আগস্ট) তাকে পুনরায় আদালতে হাজির করতে বলেন।
এফআইআরের তথ্যে বলা হয়েছে, সাদুর রেহমানসহ কয়েকজন ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ব্যক্তিগত আর্থিক সুবিধার জন্য সাধারণ মানুষের কাছে জুয়া ও বাজির অ্যাপ্লিকেশন প্রচার করেছেন। এর ফলে বহু মানুষ কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করে ক্ষতির মুখে পড়েছেন।
মামলায় পাকিস্তান দণ্ডবিধির একাধিক ধারা যুক্ত করা হয়েছে—
ধারা ১৩, ১৪ (ইলেকট্রনিক জালিয়াতি)
ধারা ২৫ (স্প্যামিং)
ধারা ২৬ (স্পুফিং)
ধারা ২৯৪ বি (বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত পুরস্কার প্রদান)
ধারা ৪২০ (প্রতারণা এবং অসৎভাবে সম্পত্তি হস্তান্তর)
তদন্তে দেখা গেছে, ডাকি ভাইয়ের অ্যাকাউন্ট থেকে মোট ২৭টি ভিডিও লিঙ্ক উদ্ধার হয়েছে যেখানে নিষিদ্ধ অ্যাপ্লিকেশনের প্রচারণা করা হয়েছিল।
এর আগে, শনিবার (১৬ আগস্ট) আইবিএমএস সিস্টেমের মাধ্যমে শনাক্ত করে বিমানবন্দরেই তাকে আটক করা হয়। পরে তার মোবাইল ফোন জব্দ করা হয় এবং তাতে নিষিদ্ধ অ্যাপ্লিকেশন ও অবৈধ অর্থ লেনদেন সম্পর্কিত একাধিক আলাপচারিতা ও ভিডিওর প্রমাণ পাওয়া যায়।