২০ আগস্ট, ২০২৫
রাজধানীর তেজগাঁও বিভাগের ছয়টি থানায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার রাতে (১৯ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
ডিএমপি জানায়, গতকাল দিনব্যাপী পরিচালিত অভিযানে নিয়মিত মামলার আসামি, তদন্তাধীন মামলার আসামি, মাদক কারবারি, সক্রিয় ছিনতাইকারী, চোর, সন্ত্রাসী এবং ওয়ারেন্টভুক্তসহ চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে আদাবর থানায় ১৭ জন, মোহাম্মদপুরে ৬ জন, তেজগাঁওয়ে ৮ জন, তেজগাঁও শিল্পাঞ্চলে ৭ জন, হাতিরঝিলে ১১ জন এবং শেরেবাংলা নগর থানায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে আছেন— বাকেট সুমন, অগ্নি বিল্লাল, মুন্না, নিরব, শান্ত ইসলাম, বাবুল হোসেনসহ নানা অপরাধে জড়িত পরিচিত মুখ।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সবার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।