৩০ জানুয়ারী, ২০২১
শনিবার (৩০ জানুয়ারি) তৃতীয় দফায় পাবনা পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। শুরু হয় ভোট গণনা। সকাল ৮টা থেকে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট চলাকালে কোথায়ও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জেলা রিটার্নিং অফিসার মোঃ মাবুবুর রহমান জানান, সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে পাবনা পৌরবাসী তাদের ভোট প্রদান করেছেন। কোথাও কোন সংঘর্ষ বা প্রার্থী-ভোটারদের অভিযোগ পাওয়া যায়নি।
ভোটাররা জানিয়েছেন, এত সুন্দর পরিবেশে দীর্ঘবছর কোনো ভোট হয়নি। পাবনা পৌরসভার স্বতস্বফূর্ত ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে ভোট কেন্দ্র ও তার আশপাশ ছিল শান্তিপূর্ণ।
কয়েকজন ভোটার জানান, নির্বাচনের দু’দিন আগে মেয়র সমর্থিত দু’পক্ষের মধ্যে যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল; তাতে সাধারণ ভোটারের মধ্যে আতংক ছিল সুষ্ঠু ভোট হবে কি না। কিন্তু সব আতংক আর উৎকন্ঠা কাটিয়ে সুষ্ঠু পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে, যা পাবনার ইতিহাসে নজিরবিহীন ঘটনা হিসেবে থাকবে।
উল্লেখ্য, পৌরসভার ৩৯টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। মোট ভোটার ১ লাখ ১২ হাজার ২৪৪ জন। মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৬৬ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।