ট্রাকের ধাক্কায় খিলগাঁওয়ে মোটরসাইকেল আরোহী নিহত

২১ আগস্ট, ২০২৫

খিলগাঁওয়ের ত্রিমোহনী এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. ইমন আহামেদ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চালক মো. হাবিবুর রহমান। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ঘটনাটি ঘটে।নিহত ইমন রাজশাহী জেলার বাঘা উপজেলার মহসিন মিয়ার ছেলে।তিনি একটি ঠিকাদারিপ্রতিষ্ঠানে কাজ করতেন। 

 প্রত্যক্ষদর্শীরা জানান, গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী ইমনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ফরাজী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বিকেল পৌনে ৩টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

চালক হাবিবুর রহমান জানান, তারা ত্রিমোহনী থেকে তেজগাঁওয়ের দিকে যাওয়ার পথে একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।

এতে পেছন থেকে ইমন পড়ে যায়। পরে ট্রাকের পেছনের চাকার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে আনা হয়।