চট্টগ্রামের বোয়ালখালীতে পিস্তলসহ আটক ৩

২১ আগস্ট, ২০২৫

চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযানে পিস্তলসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কধুরখীলে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন আল মামুন।

আটকরা হলেন—কধুরখীল এলাকার রহমান ফকিরের বাড়ির মো. জাকির হোসেন (৫২), মো. আরমান হোসেন জিসান (২৮) ও জুবাইদ হোসেন রাব্বি (১৭)।

তাদের কাছ থেকে দুটি দেশীয় পিস্তল, তিনটি ছোরা, দুটি সেলফ ডিফেন্স স্টিক ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বোয়ালখালী সেনা ক্যাম্পের কমান্ডার মেজর রাসেল প্রধান জানান, আটক ব্যক্তিরা ইয়াবা ব্যবসাসহ এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। জব্দ করা অস্ত্রসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।