আগামী নির্বাচনের জন্য পিআর পদ্ধতি একদমই অ্যাপ্লিকেবল নয় : মাসুদ কামাল

২২ আগস্ট, ২০২৫

জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি প্রসঙ্গে মাসুদ কামাল বলেছেন, ‘অনেক জিনিস আছে সময়ের ওপর নির্ভর করে। আমি ব্যক্তিগতভাবে পিআর পদ্ধতির পক্ষে। আমার মতে, পিআর পদ্ধতি ভালো। কিন্তু আগামীতে নির্বাচন পিআর পদ্ধতিতে হবে, এটা নিয়ে আমি আলোচনা করতে রাজি নই।

এই নির্বাচনের জন্য পিআর পদ্ধতি একদমই অ্যাপ্লিকেবল নয়।’ 

তিনি বলেন, ‘আমাদের দেশের মানুষ এখনো পিআর পদ্ধতি জানে না। আমি মনে করি, যেটা হওয়া উচিত, এই নির্বাচনটা হবে, আপনারা যারা পিআর পদ্ধতি চান, তারা সবাই পিআর পদ্ধতি নিয়ে রাজনীতি করেন, আন্দোলন করেন, মাঠে আলোচনা করেন। করলে কী হবে? মানুষের মধ্যে পিআর পদ্ধতির বিষয়ে একটা সচেতনতা তৈরি হবে।

’বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর বসুন্ধরায় কালের কণ্ঠ কার্যালয়ের ডিজিটাল স্টুডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

মাসুদ কামাল বলেন, ‘পিআর পদ্ধতির মধ্যেও অনেকগুলো আছে। মানে পদ্ধতি আছে। একেক দেশে একেক ধরনের পিআর পদ্ধতি আছে।

আমাদের দেশের জন্য কোন পদ্ধতি অ্যাপ্লিকেবল হবে, সেটাও খুঁজে বের করেন। আমি রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ করছি, আপনারা খুঁজে বের করেন। আপনারা কোন পদ্ধতির পিআর নির্বাচন করতে চান, সেটা নিয়ে জনগণের কাছে যান। জনগণ যখন এই ব্যাপারে উৎসাহী হবে তখন এটা আগামী বছর বা এর পরে হবে।’ 

দেশের ৭২ শতাংশ জনগণ পিআর নির্বাচন চায় বলে জামায়াতের দাবি প্রসঙ্গে মাসুদ কামাল বলেন, ‘এটা তাদের পলিটিকস।

রাজনৈতিক দলগুলো তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য নানা ধরনের কথাবার্তা বলে। এটা তো পরিটিকস। এটা করা ঠিকই আছে। তারা এটা করতেই পারে। আমি নিজেই পিআর পদ্ধতি নিয়ে গবেষণা করছি। এখানে অনেক বিষয় আছে। এর মধ্যে একটি হলো, রাজনৈতিক দলগুলো ঠিক করবে কত পার্সেন্ট ভোট পেলে পার্লামেন্টে তার অংশীদারি হবে। এখন যে স্বতন্ত্র দাঁড়িয়েছে তার কী হবে? কেউ কি স্বতন্ত্র দাঁড়াতে পারবে না? পারবে তো।’

তিনি বলেন, ‘একটা এক্সাম্পল দিয়ে বলি, পাকিস্তানের যে নির্বাচন হলো তাতে একক সংখ্যাগরিষ্ঠতা কে পেয়েছে? স্বতন্ত্ররা পেয়েছে। ওদের পলিটিক্যাল পার্টি ছিল না। ইমরান খানের পার্টি ছিল না। তারা সবাই স্বতন্ত্র ছিল। তো তাদের কী হবে? আরেকটি বিষয় হলো, উনি স্বতন্ত্র, আমিও স্বতন্ত্র থেকে নির্বাচিত। উনি আর আমি এক না-ও হতে পারি। এই বিষয়গুলো সমাধান করতে হবে। আপনারা এসব সমাধান করে তারপরে বলেন। তারপরে আলাপ করি।’