সাড়ে ১০ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

২২ আগস্ট, ২০২৫

বাগেরহাটের মোংলায় সাড়ে ১০ কেজি হরিণের মাংস ও ৮টি পাসহ এক শিকারীকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

আটককৃতের নাম হাসান গাজী (৩৪)। তিনি মোংলা উপজেলার জয়মনি গ্রামের নজরুল গাজীর ছেলে।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে কোস্ট গার্ডের হারবারিয়া স্টেশনের একটি দল মোংলা থানার সাইলো-সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সাড়ে ১০ কেজি হরিণের মাংস ও ৮টি পাসহ ১ হরিণ শিকারিকে আটক করা হয়। পরে জব্দকৃত হরিণের মাংস ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।