সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ভর্তি পরীক্ষা আজ

২২ আগস্ট, ২০২৫

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে (ডিসিইউ) প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় শুরু হবে এই ভর্তি পরীক্ষা। পরীক্ষায় প্রায় সাড়ে ১১ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছেন। 

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মোট আসন সংখ্যা ১১ হাজার ১৫০টি। ভর্তি পরীক্ষা কলা ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে তিনটি ভাগে নেওয়া হবে। আগের আবেদন, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে করা হয়েছিল, তা স্বয়ংক্রিয়ভাবে ডিসিইউতে গ্রহণযোগ্য হবে।

পরীক্ষার কাঠামো ও পাস নম্বর
এমসিকিউ পদ্ধতিতে মোট ১০০ নম্বর
কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান
বিজ্ঞান ইউনিটে পদার্থ, রসায়ন ও অন্যান্য বিষয়

ব্যবসায় শিক্ষা ইউনিটেও ১০০ নম্বরের এমসিকিউ
পাশ নম্বর: ৪০, তবে বাংলা বা ইংরেজিতে অন্তত ১০ নম্বর থাকতে হবে

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভর্তি পরীক্ষার ফলাফল, এসএসসি ও এইচএসসি নম্বর মিলিয়ে মোট ১২০ নম্বরে মেধাক্রম তৈরি করা হবে। বিষয় বরাদ্দ ২০ অক্টোবর এবং ভর্তি শেষ হবে ২৫ অক্টোবর। ক্লাস শুরু ৩০ অক্টোবর।

ঢাকা কলেজে কেবল ছাত্র, ইডেন ও বদরুন্নেসা কলেজে কেবল ছাত্রী ভর্তি হবে। অন্য চার কলেজে ছাত্র-ছাত্রী উভয়ই ভর্তি হতে পারবে। মুক্তিযোদ্ধা সন্তান, উপজাতি, প্রতিবন্ধী, হরিজন-দলিত, ক্রীড়াবিদ ও হিজড়া কোটার শিক্ষার্থীদেরও ন্যূনতম পাস নম্বর থাকতে হবে।