সিরাজগঞ্জে কবরস্থান থেকে ৭ কঙ্কাল উধাও

২৩ আগস্ট, ২০২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এক কবরস্থান থেকে সাতটি কঙ্কাল উধাও এর ঘটনা ঘটেছে। স্থানীয়দের ধারণা, শুক্রবার (২২ আগস্ট) গভীর রাতে দুর্বৃত্তরা কবর খুঁড়ে এসব কঙ্কাল নিয়ে যায়। ঘটনাটি প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃত ব্যক্তিদের স্বজনরাও আতঙ্কিত হয়ে পড়েছেন। খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চুরি হওয়া কঙ্কালগুলোর মধ্যে রয়েছেন- কৃষ্টপুর কয়ড়া গ্রামের মৃত মোসলেম মন্ডল, হারুনর রশীদ, রুবেল সরকার, কয়ড়া চরপাড়া গ্রামের মৃত মনু সরকার, রহমত সরকার, সানোয়ার শেখ এবং একই গ্রামের নুরুর আম্মা (যার নাম জানা যায়নি)।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শুক্রবার ফজরের নামাজের পর মুসল্লিরা কবর জিয়ারত করতে গিয়ে দেখেন একসাথে সাতটি কবর খোঁড়া অবস্থায় পড়ে আছে। চারদিকে ছড়ানো পলিথিন ও বাঁশের টুকরো দেখে তারা হতবাক হয়ে যান। খবর ছড়িয়ে পড়লে পুরো গ্রামজুড়ে শোক ও ক্ষোভ নেমে আসে। দীর্ঘদিন ধরে এখানে স্বজনদের কবর দিয়ে আসছিলেন স্থানীয়রা। হঠাৎ এমন ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন অনেকে।

কয়ড়া গ্রামের লিটন হোসেন বলেন, সকালে নামাজ শেষে আমি বাবার কবর জিয়ারত করতে গিয়ে দেখি কবর খোঁড়া। পরে জানতে পারি একসাথে সাতটি কবর থেকে কঙ্কাল উধাও। আমার বাবার কবর প্লাস্টিকের নেট দিয়ে ঘেরা ছিল, কিন্তু সেই নেট কেটে কঙ্কাল তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কেউ কঙ্কাল চুরি করে থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।