কোটা নিয়ে আলোচনা হয়নি, রাবিতে ফের তিনদিনের কর্মবিরতি

২৩ আগস্ট, ২০২৫

দাবি না মানায় ফের তিনদিনের কর্মবিরতি পালন করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা। এতে পরীক্ষাসহ জরুরি কার্যক্রম ছাড়া ক্লাস ও দাফতরিক কাজ বন্ধ থাকবে। 

শনিবার বিশ্ববিদ্যালয়ের এগ্রনোমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষক ও আন্দোলনের মুখপাত্র অধ্যাপক আব্দুল আলিম তথ্যটি নিশ্চিত করেছেন। 

এ মুখপাত্র বলেন, ২৪-২৬ আগস্ট জরুরি কার্যক্রম ছাড়া ক্লাস ও দাফতরিক কাজ করবো না। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। 

এর আগে, গত ১৮ আগস্ট পোষ্য কোটাকে প্রাতিষ্ঠানিক সুবিধা অ্যাখ্যা দিয়ে চতুর্থদিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালিত হয়েছে। এদিকে কোটা পুনর্বহালের বিরোধিতা করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। 

সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, পোষ্য কোটার মতো অযৌক্তিক কোটা কোনভাবেই ফিরে আনতে দেওয়া হবে না। আনতে হলে রক্তের উপর দিয়ে আনতে হবে। 

বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের প্রচার সম্পাদক নওশাজ জামান বলেছেন, প্রশাসনের মাথামোটা চিন্তা-ভাবনা আর অদূরদর্শিতার জন্য রাকসু এবং পোষ্যকোটা দুটোই আজ মুখোমুখি অবস্থানে। সিদ্ধান্ত কোনো ব্যক্তি, সংগঠনের কথায় না নিয়ে নিজেদের হেডাম দেখান। না পারলে দায়িত্ব ছেড়ে দেন।