২৩ আগস্ট, ২০২৫
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগ নেতা আলিউজ্জামান জামিরকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদর (পশ্চিমপাড়) থেকে কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
আলিউজ্জামান জামির (৩০) ডহরপাড়া গ্রামের মোকসেদ আলীর ছেলে ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
আজ শনিবার আলিউজ্জামান জামিরকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কোটালীপাড়া থানা সূত্রে জানাগেছে, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ ১ শত ৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫ শত জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।
এই মামলায় কোটালীপাড়া পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সরকারি কোটালীপাড়া কলেজ সংসদের সাবেক জিএস আলিউজ্জামান জামিরকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)খন্দকার হাফিজুর রহমান বলেন, আলিউজ্জামান জামির ১৬ জুলাই মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। আমরা ভিডিও ফুটেজ দেখে মামলার অজ্ঞাত আসামী হিসেবে তাকে গ্রেফতার করেছি। এ পর্যন্ত এই মামলায় আমরা ৫১ জন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছি। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে