বাবুগঞ্জে মানববন্ধন ৫৪ বছরেও হয়নি রাস্তা পাকাকরণ

২৫ আগস্ট, ২০২৫

বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের চরআলগী এলাকায় ৩ কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় চরআলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগী এলাকাবাসী।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো. মোশারফ হোসেন খান, বাহেরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. শিহাব উদ্দিন, চরআলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোরশেদা খানম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আব্দুস সাত্তার হাওলাদার, মো. রাজুসহ অনেকে। এতে রমজান কাঠি মাধ্যমিক বিদ্যালয়, চরআলগী ১২৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাহেরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেয়।

 

বক্তারা জানান, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয়ের থেকে দক্ষিন চর আলগি খেয়াঘাট হয়ে পশ্চিম চর আলগী উচা ব্রিজ পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা দীর্ঘ ৫৪ বছরেও পাকাকরণ করা হয়নি। এ রাস্তা দিয়ে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীকে। প্রতিদিন শতাধিক শিক্ষার্থীসহ সহস্রাধিক মানুষ এই রাস্তায় চলাচল করে বাবুগঞ্জ সদর ও ঢাকা-বরিশাল মহাসড়ক সংযুক্ত বিভিন্ন গন্তব্যে।

 

তারা আরো জানান, ব্যক্তিগত তহবিলে অনেক রাস্তা পাকা হলেও এই গুরুত্বপূর্ণ রাস্তাটি আজও অবহেলিত।

অবিলম্বে এটি পাকাকরণ না হলে দুর্ভোগ আরো বাড়বে। মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও এলাকাবাসীর দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।