পদকজয়ী অ্যাথলেটকে গুলি করে হত্যা

২৮ আগস্ট, ২০২৫

ইসরায়েলি সেনাদের গুলিতে দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে নিহত হয়েছেন ফিলিস্তিনি দৌড়বিদ আল্লাম আল-আমুর। বুধবার তিনি ত্রাণ সংগ্রহের চেষ্টা করছিলেন। এ সময় ইসরায়েলি সেনারা গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এবং ফিলিস্তিনি সংবাদ সংস্থা ‘ওয়াফা’ এ তথ্য নিশ্চিত করেছে।

আল্লাম আল-আমুর ছিলেন একজন প্রতিশ্রুতিশীল ক্রীড়াবিদ। ২০২৩ সালের মার্চে কাতারের দোহায় অনুষ্ঠিত ‘ওয়েস্ট এশিয়া ক্লাবস অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ’-এ ৩ হাজার মিটার দৌড়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি। ওই টুর্নামেন্টে ১২টি দেশের ২৫০ জন অ্যাথলেট অংশ নিয়েছিলেন।

প্রথমবার অংশ নিয়েই পদক জিতে দেশকে গর্বিত করেন আল্লাম। তার পরিবার জানিয়েছে, ‘আমেরিকান ত্রাণকেন্দ্র’ নামে পরিচিত একটি স্থানের কাছেই ইসরায়েলি গুলিতে শহীদ হন তিনি।

২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৬৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা। সেখানে তীব্র খাদ্যসংকট দেখা দিয়েছে। জাতিসংঘ বলছে, গাজা এখন প্রায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। আল্লাম আল-আমুরের মতো বহু প্রতিভাবান তরুণের স্বপ্ন থেমে যাচ্ছে এই চলমান সংঘাতে।