৩০ আগস্ট, ২০২৫
রাজধানীতে সংঘর্ষে আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার খোঁজ নিতে দলীয় নেতাকর্মীরা হাসপাতালের বাইরে জড়ো হচ্ছেন।
শনিবার (৩০ আগস্ট) সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে এমন চিত্র দেখা গেছে।
গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, নুরুল হক নুর এখন কিছুটা আশঙ্কামুক্ত। তবে তিনি চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় রয়েছেন। সকালে তার সিটি স্ক্যান করানো হয়েছে।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, নুরুল হক নুরের মাথায় আঘাত রয়েছে। তার নাকের হাড় ভেঙে গেছে। নুরের চিকিৎসায় শুক্রবার রাতেই উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তার চিকিৎসার বিষয় নিয়ে আজ মেডিকেল বোর্ড আলোচনায় বসবে।
এর আগে, শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে রাত ৯টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া দিয়ে আল রাজী টাওয়ারের সামনে অবস্থান নেওয়া গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় তাদের ওপর লাঠিচার্জ করা হলে নুর গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।